আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ওমানের হাসপাতাল সূত্র জানিয়েছে যে, গত শুক্রবারের বিক্ষোভে পুলিশ বাহিনী’র প্লাস্টিক বুলেট এক যুবকের মাথায় লাগলে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।
ওমানের জনগণ গতকাল এদেশের উত্তরাঞ্চলীয় শহর ‘সাহহার’-এ এদেশের অর্থনৈতিক দূর্নীতি ও অন্যান্য সমস্যা সমাধানের দাবীতে বিক্ষোভ করেছে এ সময় তারা বিভিন্ন ক্ষেত্রে সংশোধনের দাবী জানায়।
বার্তা সংস্থা রয়টার্স কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে, নিহত ঐ যুবকের বয়স ছিল প্রায় ২০ বছর। তার মাথায় পুলিশের ছোঁড়া রাবার বুলেট আঘাত করলে সে গুরুতর আহত হয় এবং পরবর্তীতে মারা যায়। এছাড়া পুলিশী হামলায় আরো চার ব্যক্তি আহত হয়েছে এবং প্রায় অর্ধশতাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে।
ওমানের প্রধান পাবলিক প্রসিকিউটর এ সম্পর্কে দাবী করেছেন যে, জনতা বিক্ষোভের সময় ছুরি ও পাথরের মত অস্ত্র ব্যবহার করে এবং পুলিশও এর প্রতিক্রিয়ায় তাদের উদ্দেশ্যে টিয়ার সেল ও প্লাস্টিক বুলেট ছোঁড়ে।
গতকাল ওমানের শত শত নাগরিক দেশের সার্বিক সংশোধন, সকল ক্ষেত্রে দূর্নীতির অপসারণ এবং এ শহর হতে গ্রেপ্তারকৃত শত শত বিক্ষোভকারীর মুক্তির দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে।
এদিকে গতকাল মিসর, তিউনিশিয়া, বাহরাইন ও জর্ডানের জনগণও জুমআর নামায শেষে নিজেদের দাবী পূরণের লক্ষ্যে বিক্ষোভ অব্যাহত রেখেছে।#